FiFa World Cup 2026 🏆

00

Day

00

Hours

00

Minutes

00

Seconds

৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

 


এক সপ্তাহের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। সোমবার (২৭ এপ্রিল)। ভোরে দেশের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোতে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২।


সংস্থাটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার কিছু আগে হোক্কাইদোর দক্ষিণাঞ্চলে ৮৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। উরাহোরো শহরে কম্পনের মাত্রা জাপানি সিসমিক স্কেলে ‘আপার ৫’ এবং নিইকাপ্পু শহরে ‘লোয়ার ৫’ হিসেবে রেকর্ড করা হয়।


তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, কম জনবসতিপূর্ণ এলাকায় উৎপত্তি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তুলনামূলকভাবে কম।


জাপান আবহাওয়া সংস্থার কর্মকর্তা আয়াতাকা এবিতা বলেন, এই ভূমিকম্প সাম্প্রতিক বড় কোনো ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে যেসব এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে, সেখানে ভূমিধস ও পাথরধসের ঝুঁকি বেড়েছে।


এর আগে গত সপ্তাহে ইওয়াতে উপকূলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন আহত হয় এবং উপকূলে প্রায় ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হানে।


বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। দেশটিতে বছরে গড়ে প্রায় ১,৫০০টি ভূমিকম্প হয়, যা বৈশ্বিক ভূমিকম্পের উল্লেখযোগ্য অংশ।


২০১১ সালের ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির স্মৃতি এখনো দেশটির জন্য এক বড় ট্রমা। ওই ঘটনায় প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন এবং ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে গুরুতর দুর্ঘটনা ঘটে।,

Previous Post Next Post