FiFa World Cup 2026 🏆

00

Day

00

Hours

00

Minutes

00

Seconds

টাকা ছাপানোর তথ্য ভিত্তিহীন: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

 


বাংলাদেশ ব্যাংক কোনোভাবেই টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে না বলে দাবি করেছেন গভর্নর মোস্তাকুর রহমান। শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের ২০২৬–২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি একটি সেমিনারে বাংলাদেশ ব্যাংকের টাকা ছাপানোর মাধ্যমে সরকারকে ঋণ দেওয়ার যে দাবি করা হয়েছিল, সেটিকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে উল্লেখ করেন।


সম্প্রতি পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক সেমিনারে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারের অর্থায়ন করছে, যা মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে। এই প্রসঙ্গে গভর্নর বলেন, “২০ হাজার কোটি টাকা ছাপিয়ে সরকারকে দেওয়ার যে তথ্য ছড়ানো হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। এ ধরনের বক্তব্য অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।”


তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের এমন কোনো কার্যক্রমের অস্তিত্ব নেই এবং গুজবভিত্তিক তথ্য থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনা কঠিন হলেও তা যাতে ব্যবহার করা না যায়, সে বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।


অন্যদিকে সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি অর্থনীতির ওপর প্রভাব ফেলায় ব্যাংক খাত ও পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অর্থনীতিকে রাজনীতির প্রভাবমুক্ত করে গণতান্ত্রিক পথে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Previous Post Next Post